ফার্মেন্টেড ফুড খাওয়ার আগে সাবধান, কাদের জন্য এই খাবার ক্ষতিকর হতে পারে?

স্বাস্থ্যকর মনে করে অনেকেই নিয়মিত ফার্মেন্টেড বা গাঁজন করা খাবার ডায়েটে রাখেন। তবে সব শারীরিক অবস্থায় এই ধরনের খাবার উপকারী নাও হতে পারে। যাদের হিস্টামিন ইন্টলারেন্স বা হিস্টামিন সংবেদনশীলতা রয়েছে, তাদের জন্য এই খাবার অত্যন্ত ক্ষতিকর। গাঁজন প্রক্রিয়ার সময় খাবারে হিস্টামিনের মাত্রা বৃদ্ধি পায়, যা মাইগ্রেন, তীব্র মাথাব্যথা, ত্বকে ব়্যাশ, চুলকানি বা শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি করতে পারে।
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম অত্যন্ত দুর্বল, যেমন ক্যানসার আক্রান্ত রোগী বা যারা ইমিউনোসাপ্রেসিভ ওষুধ সেবন করছেন, তাদের ক্ষেত্রে ফার্মেন্টেড খাবারে থাকা লাইভ কালচার বা ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এছাড়া ক্ষুদ্রান্ত্রে অতিরিক্ত ব্যাকটেরিয়ার বৃদ্ধি বা এসআইবিও (SIBO) এবং গ্যাসের সমস্যা থাকলে এই খাবার খেলে পেটে ফোলাভাব, বদহজম ও অতিরিক্ত গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে।
উচ্চ রক্তচাপ বা কিডনির রোগীদের ক্ষেত্রেও বিশেষ সতর্কতার প্রয়োজন। প্রক্রিয়াজাত ও গাঁজন করা খাবারে অনেক সময় অতিরিক্ত সোডিয়াম থাকে, যা এই রোগীদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই নিজের শারীরিক পরিস্থিতি ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়েটে ফার্মেন্টেড ফুড রাখা উচিত। কোনো শারীরিক সমস্যা থাকলে এই ধরনের খাবার এড়িয়ে চলাই শ্রেয়।