বইকে হাতিয়ার করে জনসংযোগ বাড়াচ্ছে বামেরা, পাড়ায় পাড়ায় চলছে প্রচার

রাজ্য কমিটির নির্দেশ মেনে একলা চলার পথে জনসংযোগ বাড়াতে নতুন কৌশল নিল বাম শিবির। রবিবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পাড়ায় পাড়ায় এবং ঘরে ঘরে বই নিয়ে প্রচারে নেমেছেন সিপিআই(এম) কর্মীরা। বেলঘরিয়ার দেশপ্রিয় নগরে এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে বই পৌঁছে দেওয়ার পাশাপাশি মতবিনিময়ও করছেন তাঁরা। এই অভিনব উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে।
বামপন্থীদের এই প্রচারের তালিকায় শুধু মার্কস-লেনিনের রাজনৈতিক তত্ত্বই নয়, বিশেষ গুরুত্ব পেয়েছে কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম। যা সাহিত্যপ্রেমী মানুষের নজর কেড়েছে। দুর্গাপুজোর সময় বামেদের বুক স্টল ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা নিয়ে এখনও ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে। তাঁদের মতে, বইয়ের স্টল ভাঙা মানে শিক্ষা ও সংস্কৃতির ওপর আঘাত হানা।
রাজনৈতিক জল্পনা উড়িয়ে বইকে হাতিয়ার করেই মানুষের কাছাকাছি পৌঁছানোর ওপর জোর দিচ্ছে বাম নেতৃত্ব। শুধু বাড়ি বাড়ি প্রচার নয়, চলতি সপ্তাহে মহাবোধি সোসাইটিতে একটি বিশেষ বইয়ের আসর বসানোর পরিকল্পনাও রয়েছে তাদের। ঘরোয়া এই প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মনে বামেরা কতটা জায়গা করে নিতে পারে, এখন সেটাই দেখার বিষয়।