স্কুল শিক্ষকদের প্রশিক্ষণে নতুন ভূমিকায় কিরণ বেদী, নিযুক্ত হলেন ন্যাশনাল মেন্টর হিসেবে

দেশের প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদী এবার স্কুল শিক্ষকদের প্রশিক্ষণের গুরুদায়িত্ব গ্রহণ করলেন। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) তাঁকে ‘মেন্টরিং ইনিশিয়েটিভ ফর টিচিং, রিসার্চ অ্যান্ড অ্যাসেসমেন্ট’ বা ‘মিত্র’ (MITRA) কর্মসূচির অধীনে ‘ন্যাশনাল মেন্টর’ হিসেবে নিযুক্ত করেছে। নতুন এই ভূমিকায় তিনি দেশের স্কুল শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে এবং তাঁদের সঠিক পথনির্দেশ প্রদানে কাজ করবেন।
নয়াদিল্লিতে এনসিটিই-র সদর দপ্তরে আয়োজিত একটি অনলাইন সেশনের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০-র লক্ষ্য পূরণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো অভিজ্ঞ পেশাদার, শিক্ষাবিদ এবং প্রশাসকদের একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া। সিবিএসই ইতিমধ্যেই তাদের অধীনস্থ স্কুলগুলিতে মেন্টর নিয়োগের নির্দেশ দিয়েছে, যাদের তত্ত্বাবধানের দায়িত্ব এখন কিরণ বেদীর ওপর ন্যস্ত হলো।
এই অনবোর্ডিং সেশনে এনসিটিই-র ডেপুটি সেক্রেটারি সতীশ কুমার, অ্যাকাডেমিক অ্যাডভাইজার দীনেশ চতুর্বেদী এবং সিনিয়র অ্যাকাডেমিক কনসালট্যান্ট সুনীল বাজাজসহ সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এই কর্মসূচির রূপরেখা ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এনসিটিই-র এই উদ্যোগের প্রশংসা করে কিরণ বেদী জানিয়েছেন, আগামী মাস থেকেই তিনি তাঁর প্রথম মেন্টরিং সেশনটি পরিচালনা করবেন।