শুটিং সেটে টেকনিশিয়ানের মৃত্যুতেও থামে না কাজ, বিস্ফোরক অভিযোগ উপাসনা সিংয়ের

শুটিং সেটে টেকনিশিয়ানের মৃত্যুতেও থামে না কাজ, বিস্ফোরক অভিযোগ উপাসনা সিংয়ের

শুটিং সেটের নেপথ্যের ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী তথা ‘দ্য সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’-এর সভাপতি উপাসনা সিং। তিনি দাবি করেছেন, শুটিং চলাকালীন টেকনিশিয়ানের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটলেও অনেক সময় কাজ বন্ধ করা হয় না। এমনকী মৃতদেহ এক পাশে সরিয়ে রেখে বাকিদের শুটিং চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার মতো নির্মম পরিস্থিতিরও সাক্ষী থেকেছেন তিনি।

উপাসনার মতে, প্রতিটি দিনের শুটিংয়ে প্রযোজকের বিপুল অর্থ ব্যয় এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চাপের কারণেই অনেক ক্ষেত্রে মানবিকতা হারিয়ে যায়। তাঁর কথায়, ছবির সঙ্গে যুক্ত মানুষের স্বপ্ন ও আর্থিক ক্ষতির কথা ভেবে সহকর্মীদের প্রতি সংবেদনশীল হওয়ার সুযোগ বা সদিচ্ছা অনেক সময় থাকে না। এই পরিস্থিতির তীব্র সমালোচনা করে তিনি জানিয়েছেন, কোনো অভিনেতার আকস্মিক মৃত্যু হলেও পরদিনই তাঁর জায়গায় অন্য কাউকে নিয়ে আসার প্রবণতা ইন্ডাস্ট্রিতে দেখা যায়।

এর পাশাপাশি একটি কমেডি রিয়্যালিটি শোয়ের মঞ্চে এক প্রতিযোগীর অসুস্থ হয়ে পড়ার ঘটনার কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। সেই সময় কোনো চিকিৎসার ব্যবস্থা না হওয়ায় তিনি গভীর আক্ষেপ প্রকাশ করেছেন। উপাসনার মতে, শিল্পী হিসেবে আমাদের মানবিক হওয়াটা অত্যন্ত জরুরি। কাজের চাপের দোহাই দিয়ে মানুষের জীবনের মূল্যকে উপেক্ষা করার এই প্রবণতা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *