মহারাষ্ট্রে প্রশাসনের উদ্যোগে ৩০ বছর পর পৈতৃক জমি ফিরে পেলেন বৃদ্ধা

মহারাষ্ট্রে প্রশাসনের উদ্যোগে ৩০ বছর পর পৈতৃক জমি ফিরে পেলেন বৃদ্ধা

মহারাষ্ট্রের লাতুর জেলার চাকুর তহসিলের কালকুটি গ্রামের বাসিন্দা মুণ্ডুবাই ইরাপ্পা দাভরে দীর্ঘ ৩০ বছর পর নিজের সাড়ে চার একর জমি ফিরে পেলেন। মেয়ের বিয়ের খরচ মেটানোর জন্য ১৯৯৫ সালে তিনি এক বেসরকারি মহাজনের কাছ থেকে ২৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। অভিযোগ, সেই সময় ওই মহাজন ফসল ভাগাভাগির প্রতিশ্রুতি দিয়ে জমিটি দখল করেন এবং পরে ভুয়ো সাক্ষী ব্যবহার করে নিজের নামে দলিল করিয়ে নেন। পরবর্তী সময়ে ঋণ শোধ করতে গিয়ে ওই বৃদ্ধা দেখেন, সুদ-আসলে বকেয়ার পরিমাণ ১০ লক্ষ টাকায় পৌঁছেছে, যা মেটানো তাঁর পক্ষে অসম্ভব ছিল।

পরিবারের সদস্যদের সহায়তায় মুণ্ডুবাই জেলা প্রশাসনের দ্বারস্থ হন। প্রশাসনের তৎপরতায় দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে বিনা খরচেই জমিটি উদ্ধার করা সম্ভব হয়েছে। লাতুরের জেলাশাসক ভরত বাস্তওয়াডের নির্দেশ এবং তহসিলদারের অনুমোদনে জমির রেকর্ড সংশোধন করে মুণ্ডুবাইকে প্রকৃত মালিক হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এই প্রক্রিয়ায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে জানা গেছে।

বৃহস্পতিবার জেলা সফরে এসে মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেববর্মা নিজে মুণ্ডুবাইয়ের হাতে জমির গুরুত্বপূর্ণ নথি ‘৭/১২ এক্সট্র্যাক্ট’ তুলে দেন। পৈতৃক সম্পত্তি ফিরে পেয়ে আবেগপ্রবণ বৃদ্ধা জেলাশাসক, পুলিশ সুপার অমল তাম্বে এবং স্থানীয় তহসিলদারকে ধন্যবাদ জানিয়েছেন। শেলগাঁওয়ের সার্কেল অফিসার মহেশ হিপ্পার্গে জানিয়েছেন, প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হওয়ায় ওই বৃদ্ধা এখন স্বস্তিতে রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *