দীপাবলির বার্তায় রামায়ণ-মহাভারতের প্রসঙ্গ টেনে সম্প্রীতির বার্তা জোহরান মামদানির

দীপাবলির শুভেচ্ছা বার্তায় নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি রামায়ণ ও মহাভারতের প্রসঙ্গ টেনে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়েছেন। তিনি জানান, রামায়ণ আদর্শ সম্পর্ক গড়ার শিক্ষা দেয় এবং মহাভারত পরিবারের বাস্তব চিত্র ও ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরে। নিজের পারিবারিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, তাঁর মা পঞ্জাবি হিন্দু এবং বাবা গুজরাটি উগান্ডার মুসলিম। এই মিশ্র ঐতিহ্যের কারণেই ছোটবেলা থেকেই তিনি হিন্দু ধর্মের সৌন্দর্য ও প্রজ্ঞার সঙ্গে পরিচিত হয়েছেন।
মামদানি তাঁর বার্তায় হিন্দু ধর্মের প্রাচীন শাস্ত্রের উল্লেখ করে বলেন, সত্যে পৌঁছনোর অনেক পথ রয়েছে এবং প্রতিটি মানুষের মধ্যেই একই আলো বিরাজ করে। তিনি মন্দির, মসজিদ বা গুরুদ্বারের প্রার্থনার মধ্যে কোনো ভেদাভেদ না করে সহাবস্থানের ওপর জোর দিয়েছেন। তাঁর মতে, উপাসনার স্থান ভিন্ন হলেও মানুষের ভেতরের সত্তা অভিন্ন। এই বার্তাটি সমাজমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই তাঁর এই দৃষ্টিভঙ্গিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
পাশাপাশি, সাম্প্রতিক সময়ে হিন্দু মন্দিরগুলিতে হামলার ঘটনা এবং বিভিন্ন ক্ষেত্রে বিদ্বেষমূলক রাজনীতির সমালোচনা করেছেন তিনি। মামদানির দাবি, সমাজের প্রান্তিক বিদ্বেষ এখন নির্বাচনী প্রচারের অংশ হয়ে দাঁড়িয়েছে, যা অত্যন্ত উদ্বেগের। তিনি মনে করেন, আলো ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠার জন্য এখনও অনেক কাজ বাকি রয়েছে। ধর্মীয় বিভেদ ভুলে সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানিয়ে তিনি সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।