আধার কার্ড জন্ম তারিখের প্রমাণ নয়, বরখাস্ত কর্মীর মামলায় রায় দিল্লি হাইকোর্টের

আধার কার্ড কেবল পরিচয়ের প্রমাণপত্র, জন্ম তারিখের চূড়ান্ত প্রমাণ নয়। সুপ্রিম কোর্টের একটি পূর্ববর্তী রায়ের প্রসঙ্গ টেনে দিল্লি হাইকোর্ট এই পর্যবেক্ষণ করেছে। এক মহিলা কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার মামলায় আদালত জানিয়েছে, অবসরের বয়স নির্ধারণের ক্ষেত্রে কেবল আধার কার্ডের ওপর নির্ভর করা যায় না। সংশ্লিষ্ট মহিলা কর্মী দাবি করেছিলেন, ২০১৭ সালের ২০ মে তাঁকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে। অন্যদিকে, সংস্থার দাবি ছিল, আধার কার্ড অনুযায়ী ওই কর্মীর বয়স ৫৮ বছর পূর্ণ হওয়ায় তাঁকে অবসর দেওয়া হয়েছে।
শ্রম আদালত সংস্থার এই যুক্তি খারিজ করে দিয়েছিল। কারণ, ২০১০ সালে ইএসআইসি (ESIC)-তে নথিভুক্ত করার সময় সংস্থা নিজেই ওই কর্মীর জন্ম তারিখ ১৯৬০ সালের ২০ মে হিসেবে উল্লেখ করেছিল। শ্রম আদালত ওই কর্মীর বরখাস্তের ঘটনাকে বেআইনি ঘোষণা করে এবং তাঁকে বকেয়া বেতন প্রদানের নির্দেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে সংস্থা হাইকোর্টে আবেদন জানালে আদালত শ্রম আদালতের সিদ্ধান্তকেই বহাল রাখে।
হাইকোর্টের বিচারপতি মনোজ কুমার ওহরি জানান, অবসরের বয়স প্রমাণ করার দায়ভার সংস্থার ওপর ছিল, কিন্তু তারা আধার কার্ড ছাড়া অন্য কোনো নথি পেশ করতে পারেনি। আদালত আরও উল্লেখ করে যে, বিবাদ শুরুর অনেক আগে ইএসআইসি-র নথি তৈরি হয়েছিল, যা অধিক নির্ভরযোগ্য। একবার জন্ম তারিখ নথিভুক্ত করার পর, পরবর্তীতে আধার কার্ডের ভিন্ন তথ্যের ভিত্তিতে চাকরি থেকে অব্যাহতি দেওয়া আইনত গ্রহণযোগ্য নয়। ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্ট একটি কল্যাণমূলক আইন উল্লেখ করে আদালত জানায়, শ্রম আদালতের প্রমাণভিত্তিক রায়ে হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই।