এআইএফএফ সভাপতি পদে পরিবর্তনের দাবি বাইচুং ভুটিয়াদের, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি

এআইএফএফ সভাপতি পদে পরিবর্তনের দাবি বাইচুং ভুটিয়াদের, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি

ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের হস্তক্ষেপ দাবি করলেন প্রাক্তন ফুটবলাররা। আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাচনের প্রাক্কালে বাইচুং ভুটিয়া, রেনেডি সিং, দীপক মণ্ডল, আলভিটো ডি’কুনহা সহ একাধিক প্রাক্তন তারকা ফুটবলার বর্তমান সভাপতি কল্যাণ চৌবের অপসারণের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, বর্তমান পরিচালন সংস্থার অধীনে দেশের ফুটবলের মান ক্রমাগত নিম্নমুখী, যা কোনোভাবেই কাম্য নয়।

ক্রীড়ামন্ত্রীকে পাঠানো চিঠিতে প্রাক্তন ফুটবলাররা অভিযোগ করেছেন যে, গত তিন বছরে ফেডারেশনের বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে আন্তর্জাতিক ফুটবলে ভারতের পারফরম্যান্স হতাশাজনক। ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ৯৫ থেকে নেমে ১৩৮-এ পৌঁছেছে, যা দেশের ক্রীড়া ভাবমূর্তিকে আন্তর্জাতিক মঞ্চে ক্ষতিগ্রস্ত করছে। অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখা একটি দেশের ফুটবলের এই অধঃপতন মেনে নেওয়া কঠিন বলে তাঁরা চিঠিতে উল্লেখ করেছেন।

আগামী ২০ ডিসেম্বর ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনের আগে অভিজ্ঞতাসম্পন্ন কাউকে ফেডারেশনের নেতৃত্বে আনার জন্য ক্রীড়ামন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন প্রাক্তন খেলোয়াড়রা। তাঁদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি বজায় থাকলে ভারতীয় ফুটবলের পুনরুজ্জীবনে কয়েক দশক সময় লেগে যেতে পারে। এই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অরিন্দম ভট্টাচার্য, আনোয়ার আলি, ধনচন্দ্র সিং, সতীশ ভারতী, মনজিৎ সিং, বলবন্ত সিং, সেহনাজ সিং, করণজিৎ সিং, হরপ্রীত সিং, বলদীপ সিং এবং হরমনজ্যোৎ সিং খাবরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *